এক অদ্ভুত দর্শন সদ্যজাত শিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শিশুটির জন্মের খবর সোসাল মিডিয়ায় চাউর হতেই একাধিক মানুষ রীতি মতো হুমড়ি খেয়ে পড়লো হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইসলামপুর থানার কুচিলা গ্রামের এক প্রসূতি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হবার পর তিনি ওই অদ্ভুত দর্শন শিশুটির জন্ম দেন। শিশুটিকে দেখেই আঁতকে ওঠেন ওই শিশুর মা সহ পরিবারের সদস্যরা। এমনকি হাসপাতালের কর্মী ও চিকিৎসকরাও। তারা শিশু বিভাগে জরূরী কালীন পরিষেবা দিয়ে ওই শিশুটিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শিশুটির মায়ের নাম প্রকাশ করতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসক পার্থ প্রতীম ভদ্রা জানান, এই ধরণের শিশুদের হারলিকুইন ফিটার বলা হয়। অপরিণত অবস্থায় জন্মানোর জন্য এবং জেনেটিক সমস্যার জন্য এই ধরণের শিশুরা জন্ম নেয়। তবে এই শিশুদের বেঁচে থাকার সুযোগ নেই বললেই চলে। সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলা এই শিশুটি প্রসব করে। শিশুটিকে নলের সাহায্যে খাবার দেবার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। তবে শিশুটিকে আলাদা ভাবেই রাখা হয়েছে। তাই প্রচুর মানুষ দেখতে এলেও শিশুটিকে কোনও ভাবেই দেখানো হচ্ছে না।
অপরদিকে শিশুটির বাবা আলাউদ্দিন জানান, কি ভাবে তার এমন সন্তান হল তার জানা নেই। চিকিৎসক যেভাবে বলবেন তিনি এখন সেই ভাবে কাজ করবেন। তার সন্তান যেমনি হোক তাতেই তিনি খুশি।